কাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর, চাঁদ দেখা যায়নি

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ৫:২৮ পিএম
কাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর, চাঁদ দেখা যায়নি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল শনিবার সারাদেশে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৩০টি রোজা পালনের পর দেশবাসী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে এই ঈদ উদযাপন করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় ঈদগাহ ময়দানে এবার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল ৯টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাইতুল মোকাররমের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঈদগাহ ময়দানে ৩ হাজার ৫০০ নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য রয়েছে আলাদা প্রবেশপথ, ওজুখানা ও নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, রাজধানীতে ঈদ জামাত নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...