পরকীয়ার জেরে রাকিব হত্যা, আদালতে স্বীকারোক্তি আসামিদের
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজছাত্র রাকিবুল হাসান রাকিবকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেফতার হওয়া দুই আসামি। তারা আদালতে জবানবন্দিতে জানান, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিনের নির্দেশে টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আসামি গোলাম রসুল শিহাব ও সাগর কবির স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তারা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ পরকীয়াজনিত বিরোধ। তাদের এই কিলিং মিশনে অংশ নিতে খুলনা থেকে রাজধানীতে আনা হয়েছিল। একই মামলায় গ্রেফতার অপর দুই আসামি রাফিন শেখ ও শাহরিয়ার নাজিম জয়কে ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আসামি শিহাবকে ঘটনাস্থল থেকে, সাগরকে পটুয়াখালী এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেফতার করা হয়। নিহত রাকিবের বাবা তরিকুল ইসলাম খোকন জানান, তার ছেলের বিরুদ্ধে কোনো শত্রুতা ছিল না। একটি মেয়ের স্বামী তাকে হুমকি দিয়েছিলেন বলে তিনি শুনেছেন। তিনি আরও বলেন, রাকিব ছিলেন খুবই মানবিক, শহীদ মিনার এলাকায় স্থানীয় শিশুদের সাথে তার পরিচিতি ছিল গভীর। মানুষের উপকার করতে তিনি সবসময় এগিয়ে থাকতেন।
মামলার এজাহার ও পরিবারের বর্ণনা অনুযায়ী, রাকিব মোটরসাইকেল পার্কিং করার সময় দুর্বৃত্তরা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ৫-৬ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

