সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা, এসি তাপমাত্রা ২৫ ডিগ্রি

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ১:২৫ পিএম
সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা, এসি তাপমাত্রা ২৫ ডিগ্রি

জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এই নির্দেশনায় সাধারণ বাতির পরিবর্তে এলইডি লাইট এবং ইনভার্টার প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে দেশের সীমিত জ্বালানি সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় সিঁড়ি, করিডোর এবং ওয়াশরুমের মতো কমন স্পেসে মোশন সেন্সরভিত্তিক লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ করা যায়। এছাড়া বাতির রং ও আলোর মাত্রা নিয়ন্ত্রণে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী নির্ধারিত ‘লাক্স লেভেল’ বজায় রাখতে বলা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কক্ষের দরজা-জানালা বন্ধ রাখা এবং নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। জ্বালানি সাশ্রয়ে ইনভার্টার প্রযুক্তির এসি, ফ্রিজ এবং বিএলডিসি ফ্যান ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে।

অফিসের কম্পিউটার বা ল্যাপটপ পাওয়ার সেভিং মোডে রাখার নির্দেশনা রয়েছে। ব্যক্তিগত প্রিন্টার বা স্ক্যানারের বদলে কেন্দ্রীয় নেটওয়ার্কভিত্তিক যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দিয়েছে পিডিবি। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে অফিস ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এসব নির্দেশনা বাস্তবায়িত হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশের মূল্যবান জ্বালানি সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...