ফসলের নিশ্চয়তা ও খাদ্য মজুতে স্বস্তি, কৃষকদের বড় সুখবর

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুত আগামী কয়েক মাসের চাহিদা মেটাতে সক্ষম। তিনি নিশ্চিত করেছেন যে, সরকারের পদক্ষেপের ফলে কেউ খাদ্য সংকটের মধ্যে পড়বে না। বুধবার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শিগগিরই ফসল বীমা চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। এর ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। কৃষি খাতকে অর্থনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি জানান, কৃষকদের সার্বিক উন্নয়নে সরকার ইতিমধ্যেই প্রণোদনা ও ঋণ সুবিধা সহজ করেছে।
অনুষ্ঠানে মন্ত্রী রাজনৈতিক প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার দল হিসেবে বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার উপস্থিতিতে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

