দেশে খাদ্যের কোনো সংকট নেই, মজুদ সন্তোষজনক: কৃষিমন্ত্রী

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় এক অনুষ্ঠানে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুত দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব হবে এবং কেউ যেন খাদ্যসংকটের মুখে পড়তে না হয়, সে জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ওই ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর হাতে প্রত্যেকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আর্থিক ক্ষতির কথা ভেবে শিগগিরই ফসল বীমা চালু করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসল নষ্ট হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হয়। কৃষক কার্ডের পাশাপাশি তাদের ফসলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালু করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সক্ষমতা বাড়াতে ঋণ সুবিধা সহজীকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

