খাদ্য নিরাপত্তা নিশ্চিত, আসছে ফসল বীমার সুবিধা: মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ৮:৪৬ এএম
খাদ্য নিরাপত্তা নিশ্চিত, আসছে ফসল বীমার সুবিধা: মন্ত্রী

খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ দিয়ে আগামী কয় মাসের চাহিদা সহজেই মেটানো সম্ভব হবে। তিনি বলেন, সরকার নিশ্চিত করতে চায় যেন কোনো মানুষ খাদ্য সংকটের মুখোমুখি না হয়। বুধবার (১৮ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফসল বীমা চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলে বীমার আওতায় কৃষকরা ক্ষতিপূরণ পাবেন। এর মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়বেন না। কৃষি অর্থনীতির মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের ঋণ ও প্রণোদনার পাশাপাশি এই বীমা সুবিধা তাদের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনবে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে গড়া দলটি ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করছে। অনুষ্ঠানে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...