দেশে খাদ্য সংকট নেই, কয়েক মাসের মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা সহজেই মেটানো সম্ভব হবে। তিনি আরও বলেন, কোনো নাগরিককেই খাদ্য সংকটের মধ্যে পড়তে হবে না, এটি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত বুধবার (১৮ মার্চ) দুপুরে আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় যৌথভাবে ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করে। এসময় মন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা যেন আর্থিকভাবে পঙ্গু না হয়ে যান, সেজন্য শিগগিরই ফসল বীমা বা ইনস্যুরেন্স চালু করা হবে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ পাবেন।
এসময় রাজনৈতিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। অনেকে ভেবেছিলেন এগুলো শুধু কথা, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি বাস্তবায়ন করছে। তিনি আরও উল্লেখ করেন, কৃষি অর্থনীতির মেরুদণ্ড এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

