কুমিল্লায় কৃষিমন্ত্রী: খাদ্য মজুদে ঘাটতি নেই, চালু হচ্ছে ফসল বীমা

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ৭:১৪ এএম
কুমিল্লায় কৃষিমন্ত্রী: খাদ্য মজুদে ঘাটতি নেই, চালু হচ্ছে ফসল বীমা

খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের গোডাউনে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকায় আগামী কয়েক মাস কোনো সংকট হবে না। বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রণোদনা ও ঋণ সুবিধা সহজ করা হচ্ছে। কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি জানান, এ খাতের উন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...