কুমিল্লায় কৃষিমন্ত্রী: খাদ্য মজুত সন্তোষজনক, আসছে ফসল বীমা

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ৩:৫৫ এএম
কুমিল্লায় কৃষিমন্ত্রী: খাদ্য মজুত সন্তোষজনক, আসছে ফসল বীমা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুত দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা সহজেই মেটানো সম্ভব। তিনি বলেন, সরকার নিশ্চিত করতে চায় যাতে কোনো মানুষ খাদ্য সংকটের মুখোমুখি না হয়। বুধবার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই ফসল বীমা চালু করার ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। এর ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। কৃষক কার্ডের পাশাপাশি তাদের ফসলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। কৃষিকে অর্থনীতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে তিনি জানান, প্রণোদনা ও ঋণ সুবিধা বাড়ানোর মাধ্যমে সরকার কৃষকদের পাশে দাঁড়াচ্ছে।

অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বিএনপি জনগণের জন্য কাজ করে যাচ্ছে। এসময় জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...