কুমিল্লায় মন্ত্রী, দেশে কয়েক মাসের খাদ্য মজুদের নিশ্চয়তা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা সহজেই মেটানো সম্ভব হবে। তিনি বলেন, সরকার নিশ্চিত করতে চায় যেন কোনো নাগরিককেই খাদ্য সংকটের মুখোমুখি হতে না হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ফসল বীমা চালুর ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে পঙ্গু না হয়ে পড়ে। তিনি জানান, কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়ায় কৃষকদের ঋণ ও প্রণোদনার পাশাপাশি এই নতুন সুরক্ষা বেষ্টনী তৈরি করা হচ্ছে। এছাড়া তিনি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ফ্যামিলি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বাস্তবায়নের কথা তুলে ধরেন এবং দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিচ্ছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু এবং ইউএনও ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

