বগুড়ার ট্রেন দুর্ঘটনা: দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বগুড়ার সান্তাহারে ঈদে ঘরমুখো যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার খবর পায়ার সাথে সাথেই বুধবার সন্ধ্যায় তিনি ওই এলাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে ফোনে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর আড়াইটার দিকে বগুড়ার আলমদীঘিতে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হলে শতাধিক যাত্রী আহত হন। খবর পেয়েই সরকারপ্রধান পরিস্থিতি সামাল দিতে মাঠ প্রশাসনকে এই নির্দেশনা দেন। তিনি দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত সরিয়ে নিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার তাগিদ দেন। পাশাপাশি আটকা পড়া যাত্রীদের কোনো প্রকার হয়রানি ছাড়াই গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে তারেক রহমান তার নির্বাচনি এলাকার প্রতি বিশেষ খেয়াল রাখেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আসনটি ছেড়ে দিলেও এলাকার উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন।

