ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব সরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৯:৫৬ পিএম
ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব সরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই লক্ষ্যে ১২ ও ১৬ মার্চ জারি করা পৃথক দুটি পত্রে ডিউটি রোস্টার হালনাগাদ এবং জরুরি সেবাগুলো সচল রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

হাসপাতাল ও ক্লিনিক শাখার নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীদের নাম, পদবি এবং মোবাইল নম্বরসহ ডিউটি রোস্টার নিয়মিত আপডেট রাখতে হবে। রোস্টারটি অবশ্যই সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হতে হবে এবং এর একটি কপি সবার দৃষ্টি স্থানে টানিয়ে ধরতে হবে। কোনো প্রকার অনুমোদন ছাড়া এই রোস্টারে পরিবর্তন আনা যাবে না। এছাড়া কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টনে সমতা ও নিয়মিততা নিশ্চিত করতে বলা হয়েছে।

পবিত্র রমজান ও ঈদের ছুটিতেও হাসপাতালগুলোর জরুরি বিভাগ, আইসিইউ, ল্যাবরেটরি, ব্লাড ব্যাংক এবং এক্স-রে ও এমআরআই ইমেজিং সেবাসহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম যথাযথভাবে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকদের সার্বক্ষণিক তদারকি করতে হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সচল রাখা এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছে অধিদপ্তর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...