দেশে খাদ্যের কোনো সংকট নেই: মজুদ রয়েছে কয়েক মাসের

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৮:৩৫ পিএম
দেশে খাদ্যের কোনো সংকট নেই: মজুদ রয়েছে কয়েক মাসের

খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা সহজেই পূরণ করা সম্ভব হবে। দেশের কোনো মানুষ যাতে খাদ্য সংকটের মুখোমুখি না হন, সেজন্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফসল বীমা চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী। বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হয়ে পড়েন। তিনি বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং কৃষক কার্ডসহ বিভিন্ন সুবিধা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।

রাজনৈতিক বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এসে প্রমাণ করেছে তারা যা বলে তা বাস্তবায়ন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...