প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পাশে দাঁড়াতে ফসল বীমা চালু হচ্ছে

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় এক অনুষ্ঠানে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বিএনপি সরকার দেশের কৃষকদের ফসল রক্ষায় বীমা ব্যবস্থা চালু করতে যাচ্ছে। বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দিয়ে কৃষকদের আর্থিকভাবে স্বচ্ছল রাখার পরিকল্পনা সরকারের।
বুধবার দুপুরে উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ফসলের নিরাপত্তায়ও বীমা চালু করা হবে। এসময় তিনি কৃষিকে দেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে কৃষকদের সার্বিক কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

