খাদ্য নিরাপত্তা নিশ্চিত: আগামী কয়েক মাসের চাহিদা মেটাবে মজুত: কৃষিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৫:৩১ পিএম
খাদ্য নিরাপত্তা নিশ্চিত: আগামী কয়েক মাসের চাহিদা মেটাবে মজুত: কৃষিমন্ত্রী

কুমিল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে চাল বিতরণকালে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুত আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সম্পূর্ণ সক্ষম। বুধবার দুপুরে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার নিশ্চিত করতে চায় যেন কোনো মানুষই খাদ্য সংকটে পড়তে না হয়।

কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফসল বীমা চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে পঙ্গু না হয়ে পড়েন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...