কুমিল্লায় কৃষিমন্ত্রী, খাদ্য মজুদ পর্যাপ্ত, আসছে ফসল বীমা

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৫:১৫ পিএম
কুমিল্লায় কৃষিমন্ত্রী, খাদ্য মজুদ পর্যাপ্ত, আসছে ফসল বীমা

খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। তিনি জানান, কোনো মানুষ যেন খাদ্য সংকটের মুখোমুখি না হয়, সেই নিশ্চয়তা দিতে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (১৮ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ফসল বীমা চালু করা হবে। এর মাধ্যমে ফসলের ক্ষতি হলে কৃষকরা ক্ষতিপূরণ পাবেন।

মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা কার্যকর করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রণোদনা ও ঋণ সুবিধা বৃদ্ধি করেছে। কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি মনে করে সরকার এই খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে আমড়াতলী ইউনিয়নের এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...