নারী ক্ষমতায়নে বাংলাদেশের অঙ্গীকার জানালেন জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের (সিএসডব্লিউ) ৭০তম অধিবেশনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) এই আন্তর্জাতিক ফোরামে তিনি জানান, নারী ও কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ আপোষহীন অবস্থানে রয়েছে। সব ধরনের বাধা অতিক্রম করে তাদের জন্য একটি নিরাপদ ও ন্যায়সঙ্গত বিশ্ব গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং ঘোষণা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে বাংলাদেশ সফলভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি মহিলাদের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, সমাজের যেকোনো স্তরের হোক না কেন, সকল নারী ও কন্যাশিশুর জন্য আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
বৈশ্বিক প্রেক্ষাপটে নারীদের ওপর আসা নতুন চ্যালেঞ্জগুলোর বিষয়েও সতর্ক করেন তিনি। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা এবং ডিজিটাল বৈষম্য বিশেষ করে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের ওপর প্রভাব ফেলছে। এসব সমস্যা সমাধানে নারী নেতৃত্বে বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং মানব পাচার রোধে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন ড. খলিলুর রহমান।

