জাতিসংঘে বাংলাদেশ: নারী ও কন্যাশিশুর ন্যায়বিচারে অঙ্গীকার

জাতিসংঘের সদর দপ্তরে নারীর অবস্থা বিষয়ক কমিশনের (সিএসডব্লিউ) ৭০তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) নিউ ইয়র্কে এই অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, সামাজিক মর্যাদা নির্বিশেষে সকলের জন্য আইনি সুরক্ষা ও বিচার নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার।
পররাষ্ট্রমন্ত্রী বেইজিং ঘোষণা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে নারীদের প্রতিবন্ধকতা দূরীকরণ ও ক্ষমতায়নে আরও কাজ করতে হবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী সদস্যদের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।
ড. খলিলুর রহমান জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা এবং ডিজিটাল বৈষম্যের মতো নতুন চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেন, যা বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও গ্রামীণ নারীদের প্রভাবিত করছে। এসব সমস্যা সমাধানে নারী নেতৃত্বে বিচার ব্যবস্থা জোরদার এবং মানবপাচার রোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন তিনি।

