তেল সংকটে ঈদযাত্রায় বিঘ্ন, লঞ্চ চলাচল বন্ধের শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৭:৫৮ এএম
তেল সংকটে ঈদযাত্রায় বিঘ্ন, লঞ্চ চলাচল বন্ধের শঙ্কা

ঈদুল ফিতরের ছুটি শুরু হলেও জ্বালানি তেলের সংকটে নৌপথে যাত্রী পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লঞ্চ ও জাহাজ মালিকরা জানিয়েছেন, চাহিদার তুলনায় প্রায় ৬০ শতাংশ কম তেল সরবরাহ পাওয়া যাচ্ছে। বুধবার (১৯ মার্চ) সকাল নাগাদ পর্যাপ্ত জ্বালানি না পেলে সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাওয়া কঠিন হবে বলে তারা সতর্ক করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বাংলাদেশ রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি জিএম সরোয়ার বলেন, রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার ঘোষণা থাকলেও বাস্তবে তেলের সংকট অব্যাহত আছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বুধবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা পেট্রোলিয়ামসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সহসভাপতি কামাল হোসেন বলেন, সময়মতো তেল সরবরাহ না হলে জাহাজ চলাচল বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। ঢাকা নদী বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন রুটে ৬০ থেকে ৬৫টি লঞ্চ ছেড়ে গেছে। তবে যাত্রী চাপ কম থাকায় অনেকে স্বস্তিতে গন্তব্যে পৌঁছেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে ঈদের আগে নৌপথে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...