উত্তরায় শপিং মলে ভাঙচুর ও লুটপাট: ১১ আসামির দুই দিনের রিমান্ড
রাজধানীর উত্তরায় স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ১১ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন প্রত্যেকের দুই দিন করে রিমান্ড আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—মো. মনির আলম (৩২), মো. মজিবর রহমান (২০), মো. হৃদয় (১৯), মো. মঞ্জুরুল (৩২), মো. মহব্বত আলী (১৮), শাহ পরান (১৯), মো. শাকিল (১৯), মো. রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ (২৭), মো. সাজু (২৪), মো. লিটন (২৪) এবং জিহাদ (১৯)। সোমবার দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মামলার বরাত দিয়ে জানা যায়, গত ১৫ মার্চ রাতে এক রিকশাচালক ও নিরাপত্তা রক্ষীর বাগবিতণ্ডার জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ৬০০ থেকে ৭০০ জনের একটি দল লাঠি ও রড নিয়ে কমপ্লেক্সে হামলা চালায়। হামলাকারীরা কমপ্লেক্সের নিচতলা ও দোতলার গ্লাস ভাঙচুর করে। এ সময় খাজানা ভ্যারাইটিজ স্টোর থেকে ১০ লাখ টাকা এবং কে জেড ইমিটেশন জুয়েলারি দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল লুট করা হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও ইটপাটকেল ছোড়া হয় এবং রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই কমপ্লেক্সের ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

