চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহে স্বস্তি, আসছে দুই নতুন জাহাজ
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও দুটি জাহাজ। এর মধ্যে মালেশিয়া থেকে আসা গ্যাস অয়েলবাহী জাহাজটি আগামীকাল এবং ওমান থেকে আসা এলপিজিবাহী জাহাজটি শুক্রবার বন্দরে ভিড়বে। এই দুই জাহাজের আগমনে জ্বালানির সরবরাহ সচল থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ‘চ্যাং হ্যাং হং তু’ নামের জাহাজটি গত ১৫ মার্চ মালেশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসে এবং বর্তমানে ব্রাভো মুরিং-এ অবস্থান করছে। জাহাজটি এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মেট্রিক টন কার্গো খালাস করেছে, যার সম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ১৯ মার্চ। অপরদিকে ‘এলপিজি সেভেন’ জাহাজটি গত ৮ মার্চ ওমান থেকে এলপিজি নিয়ে কুতুবদিয়া এলাকায় অবস্থান করছে। এর মধ্যে প্রায় ৭ হাজার ২০ মেট্রিক টন এলপিজি খালাস হয়েছে এবং জাহাজটি আগামী ২০ মার্চ বন্দরে ভিড়বে।
বন্দরের তালিকা অনুযায়ী, মোট ২৮টি জ্বালানিবাহী জাহাজের অধিকাংশই ইতিমধ্যে কার্গো খালাস শেষে বন্দর ত্যাগ করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান ও ভারতের বিভিন্ন বন্দর থেকে এসব জাহাজ এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল ও বেস অয়েল সরবরাহ করেছে। এছাড়া কাতার, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, অ্যাঙ্গোলা, থাইল্যান্ড ও ওমান থেকে আরও কিছু জাহাজ বর্তমানে বন্দরের পথে রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়াত হামিম জানান, জ্বালানি খালাস ও সরবরাহ ব্যহত হবে না, সেজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন জাহাজগুলোর আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

