বর্জ্য ব্যবস্থাপনায় আমদানি নয়, দেশেই তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বর্জ্য অপসারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি না করে দেশেই উৎপাদনের উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। বর্জ্য ব্যবস্থাপনায় কর্মরতদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে তাদের ঈদ বোনাস প্রদানের ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, এটিই প্রথমবারের মতো বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিতরা প্রধানমন্ত্রীর দেওয়া এই বোনাস পেলেন।
বৈঠকে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, রাস্তাঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজ চলমান রয়েছে। তিনি বলেন, বর্ষার আগেই মশা নিধন ও খাল পরিষ্কার করার কাজ শেষ করা হবে। বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, প্রধানমন্ত্রী বর্জ্য পরিবহনে স্বয়ংক্রিয়তা আনতে ইলেকট্রনিক থ্রি হুইলার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

