১৯ বছর পর স্বস্তি: ৩৩০ পুলিশ সদস্যের বাতিল হওয়া চাকরি পুনর্বহাল

দীর্ঘ ১৯ বছর ধরে চাকরি প্রত্যাশায় হতাশ হয়ে পড়া ৩৩০ জন পুলিশ সদস্যের জন্য অবশেষে সুখবর এসেছে। ২০০৭ সালে রাজনৈতিক কারণ দেখিয়ে বাতিল করা ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের নিয়োগাদেশ আবারও জারি করেছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত হলেও ২০০৭ সালে দলীয় বিবেচনায় তাদের নিয়োগ বাতিল করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও অপেক্ষার পর সরকার সেই বাতিল আদেশ প্রত্যাহার করে তাদের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেহেতু তারা ১৯ বছর আগে চাকরিতে যোগদান করতে পারেননি, তাই তাদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল সম্পন্ন করতে হবে। তবে সুখবর হলো, সিনিয়রিটি বা জ্যেষ্ঠতার সুবিধা তারা ২০০৭ সালে চাকরিতে যোগদানের তারিখ থেকেই পাবেন। কিন্তু বকেয়া সময়ের আর্থিক সুবিধা বা বেতন-ভাতা প্রদান করা হবে না।
এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী গ্রেডেশন তালিকা তৈরি করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।

