আইসিইউ সংকটে শিশু মৃত্যু: মধ্যরাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টায় সমাধানের আশ্বাস
রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় এক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (১৬ মার্চ) দিবাগত মধ্যরাতে হাসপাতালটি পরিদর্শন করে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউটি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন।
এর আগে সোমবার রাত ৯টার দিকে হাম আক্রান্ত ওই শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের বাগবিতণ্ডার পর এই ঘটনার বিস্তারিত জানতে হাসপাতালে যান মন্ত্রী। সাংবাদিকদের তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রকল্পের আওতায় এই আইসিইউ নির্মিত হলেও প্রকল্প শেষ হওয়ার পর দেড় বছর ধরে এটি বন্ধ রয়েছে। অন্য কোনো হাসপাতালে সংক্রামক রোগীর চিকিৎসা করা সম্ভব না হওয়ায় ওই শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেন যে, আইসিইউটি বন্ধ থাকার বিষয়টি মন্ত্রণালয়ের জানা ছিল না, যা তাদের একটি বড় গাফিলতি। তবে এখন থেকে এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক, টেকনিশিয়ান এবং কনসালট্যান্ট নিয়োগ দিয়ে আইসিইউটি পুরোপুরি চালু করা হবে। এছাড়া অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

