নিউইয়র্কে ইউএনসিটিএডি মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ১২:৫০ পিএম
নিউইয়র্কে ইউএনসিটিএডি মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষ বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং তার প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে সৃষ্ট অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়। তারা উল্লেখ করেন, ওই অঞ্চলের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বিঘ্ন ঘটছে এবং জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে সবচেয়ে দরিদ্র দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা অর্জিত উন্নয়নের অগ্রগতি হারানোর ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি না করে দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তারা।

বৈঠকে তাদের নিজ নিজ প্রার্থিতার বিষয়টিও আলোচনা হয়। কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান আগামী জাতিসংঘ মহাসচিব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...