পুলিশ সংস্কার ও নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ৩:১২ এএম
পুলিশ সংস্কার ও নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) বিকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও মাদক নিয়ন্ত্রণে ইউএনওডিসির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, মানি লন্ডারিং রোধ এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক পরিবর্তনশীল অপরাধের প্রেক্ষাপটে এই সংস্থাটি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার। স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসির ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনের আগে ৬৬৩ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক একটি হ্যান্ডবুক তৈরিতে সহায়তা দিয়েছে সংস্থাটি।

সরকারের ব্যাপকভিত্তিক পুলিশ সংস্কার কর্মসূচির কথাও বৈঠকে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা সরকারের অগ্রাধিকার। এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা ও নীতিনির্ধারণী পরামর্শ প্রয়োজন। জবাবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...