জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত: ৩৫ হাজার মুসল্লির ধারণসক্ষমতা
রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের জানান, আগামী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রশাসক জানান, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে গড়ে তোলা এই প্যান্ডেলে একসাথে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা প্রবেশ পথ ও নামাজের ব্যবস্থা। মুসল্লিদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য মাঠে পর্যাপ্ত এসি, ফ্যান ও আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বৃষ্টির কবলে পড়লেও যাতে নামাজ আদায় করা যায়, সে জন্য বৃষ্টি নিরোধক সামিয়ানা এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ময়দানে সুবিধা বৃদ্ধির জন্য ভেতরে ১৪০ জনের একসাথে অজু করার ব্যবস্থা এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য ৪টি প্রবেশ এবং ৭টি বহির্গমন ফটক রাখা হয়েছে। এই জামাতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বাহিরে না আনার অনুরোধ জানিয়েছেন প্রশাসক।

