ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ, অর্থনীতিতে নতুন মাত্রা

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৯:৩৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ, অর্থনীতিতে নতুন মাত্রা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, জেলার অভ্যন্তরে চিহ্নিত ৪০০টি খাল পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, সরকার অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সমন্বয়েই দেশের উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছে এবং খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির পথ সুগম হবে।

সোমবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, নদী-নালা ও খাল আমাদের জীবন ও জীবিকার অপরিহার্য অংশ। এগুলো দখলমুক্ত ও দূষণমুক্ত রাখা জরুরি। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০টি খাল চিহ্নিত করা হয়েছে এবং এগুলো সজীব করে তোলার মাধ্যমে অর্থনীতিতে গতি আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, বোয়ালিয়া খালটির মোট দৈর্ঘ্য ৬ কিলোমিটার যা দুই প্রান্তে তিতাস নদীর সাথে মিশেছে। এর আগে খালটির ৪ কিলোমিটার খনন করা হলেও সোমবার বাকি ২ কিলোমিটার এবং ১ দশমিক ৮০ কিলোমিটার শাখা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও এমএ হান্নান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...