নওগাঁয় ভূমিমন্ত্রী, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা ও জনগণের সেবার প্রতিশ্রুতি
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এসময় তিনি জানান, জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ে চলমান দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে তারা সেবক হিসেবে এসেছেন। তিনি উল্লেখ করেন যে, তাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কাজের বাইরে কোনো প্রটোকল মানেন না এবং গাড়িতে ফ্ল্যাগ ব্যবহার করেন না। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে জোরালো ভূমিকা পালন করতে হবে, মন্ত্রীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মানুষের সাথে মিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভূমি সেবা নিয়ে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে ভূমিমন্ত্রী বলেন, একশ’ জনের মধ্যে একশ’ জনেরই ভূমি নিয়ে অভিযোগ রয়েছে। তবে তিনি শুধু কথায় নয়, কাজের মাধ্যমে এই সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়াবেন বলে জানান। দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো আপস না করার স্পষ্ট বার্তা দেন তিনি। কৃষি জমি রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী পদক্ষেপের কথা স্মরণ করে বর্তমান সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।
এলজিইডির বাস্তবায়নে বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার খাল খননের কাজ শুরু হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা। নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক, সংসদ সদস্য জাহিদুল ইসলাম, ফজলে হুদা বাবুল, ইকরামুল বারী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

