সিলেটে বাণিজ্যমন্ত্রী, উন্নয়নমূলক কাজে তদারকি করবেন ইমামরা
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, আগামীতে দেশের উন্নয়নমূলক কাজের তদারখি বা মনিটরিংয়ে অংশ নেবেন মসজিদের ইমামরা। এর মাধ্যমে সামাজিক ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষ উন্নয়নে নিজেদের অংশীদার হিসেবে গণ্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার দুপুরে নগরের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সম্মানী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ইমামদের কল্যাণে সরকার দুটি বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো প্রতিষ্ঠানের ইচ্ছেমতো ইমামদের অপসারণ রোধে একটি রাষ্ট্রীয় বিধিমালা প্রণয়নের কাজ চলছে। একইসাথে, চার থেকে ছয় সদস্যের একটি পরিবার সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে এমন পরিমাণ সম্মানী নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের আওতাধীন ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম এবং ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

