এক মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৮:৪৬ পিএম
এক মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি

পাবনার পদ্মকোল খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বর্তমান বিএনপি সরকার। গত সোমবার (১৬ মার্চ) দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখনই তারা সরকার পরিচালনার দায়িত্ব পায়। তবে ক্ষমতার এক মাস পূর্ণ হওয়ার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদ-মন্দিরের ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং কৃষি ঋণ মওকুফের মতো জনকল্যাণমুখী কাজ বাস্তবায়ন শুরু হয়েছে।

পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুষ্ঠানে বলেন, খাল খনন কাজ শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে এই সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর থেকে মণ্ডলপাড়া মোড় পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হচ্ছে। এটি পদ্মা নদী থেকে ইছামতী নদীতে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করবে এবং পার্শ্ববর্তী এলাকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করবে। পদ্মকোল খালের খনন কাজ গড়ে ৪০ ফুট প্রশস্ত ও ছয় ফুট গভীর করে সম্পন্ন করা হবে। এছাড়াও পাবনা জেলায় মোট ১০৬টি খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...