দেশ গঠনে সরকার কাজ করবে দিন-রাত: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সোমবার দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় গত ১৬ বছরে দেশে উন্নয়নের ঘাটতির কথা স্বীকার করে জনগণকে ফল পেতে কিছুটা সময় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ এক মাসও পূর্ণ হয়নি, তবুও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী মাসে কৃষক কার্ড দেওয়ার ঘোষণা দেন তিনি। জলাবদ্ধতা ও কৃষি জমির সেচ সমস্যা সমাধানে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল পরিকল্পনার কথাও জানান তিনি, যা আর্সেনিক সমস্যা দূর করতে সহায়ক হবে।
নানির বাড়ির স্মৃতিচারণ করে দিনাজপুরের উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। তিনি জানান, শিগগিরই শিল্প কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করে সারা দেশে শিল্পায়নের রূপরেখা চূড়ান্ত করা হবে। দিনাজপুরে শিল্প কারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দুলাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এতে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রমুখ।

