সিলেটে ইমামদের সম্মানী বিতরণ, উন্নয়নে ভূমিকার কথা বললেন মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৭:৪৫ পিএম
সিলেটে ইমামদের সম্মানী বিতরণ, উন্নয়নে ভূমিকার কথা বললেন মন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী দিনে দেশের উন্নয়নমূলক কাজের তদারখি ও মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন মসজিদের ইমামরা। তিনি বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ যদি এসব উন্নয়ন কাজের সাথে যুক্ত হন, তবে সামাজিক ভারসাম্য বজায় থাকার পাশাপাশি সাধারণ মানুষ উন্নয়নকে নিজেদের অর্জন হিসেবে গ্রহণ করতে পারবে।

সোমবার দুপুরে সিলেট নগরীতে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানীর চেক বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ইমামদের কল্যাণে দুটি বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ইমামদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে একটি রাষ্ট্রীয় বিধিমালা প্রণয়ন করা, যাতে কোনো কমিটির ইচ্ছেমতো তাদের বরখাস্ত করা না যায়। এছাড়াও তাদের সম্মানী এমনভাবে নির্ধারণ করা হবে, যা দিয়ে চার থেকে ছয় সদস্যের একটি পরিবার সুচারুরূপে জীবনযাপন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সিলেট সিটি করপোরেশনের আওতাধীন ৮২৭টি মসজিদের মোট ১ হাজার ৬৪ জন ইমাম এবং ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনকে ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...