ভিজিএফ চাল আত্মসাৎ করলে ছাড় নয়, কঠোর শাস্তি: সংস্কৃতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৬:১৬ পিএম
ভিজিএফ চাল আত্মসাৎ করলে ছাড় নয়, কঠোর শাস্তি: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, গ্রামের দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল যেন কেউ আত্মসাৎ করতে না পারে। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের অন্যায় করলে দোষীদের গলা দিয়ে সেই চাল নামবে না এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মাগুরার মোহাম্মদপুরে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

বেলা ১১টার দিকে মোহাম্মদপুর উপজেলার বিনোদপুরের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের সূচনা করতে গিয়ে মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, নদী থেকে অবৈধভাবে বালু তোলা বা সরকারি কাজে অনিয়ম করা যাবে না। অপরাধী রাজনৈতিক দলের কেউ হলেও তাকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে ভিজিএফের চাল বিতরণে কারও গাফিলতি ধরা পড়লে তাকে কঠোরভাবে শাস্তির মুখোমুখি হতে হবে।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়নে খাল খননের যে ঐতিহ্য শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় আবারও সারাদেশে খাল খনন শুরু করেছেন। কৃষকরা যাতে ইরি-বোরো মৌসুমে সঠিক সময়ে সেচ সুবিধা পান, সেই লক্ষ্যে ৫৪টি জেলায় একযোগে এই কাজ চলছে। খালে পানি থাকলে কৃষকরা ফসলের জমিতে সহজেই পানি দিতে পারবে, ফলে দেশের কৃষি ও অর্থনীতি বাঁচবে। এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...