গণভোট ইস্যুতে এনসিপির বুঝপড়া অর্ধেক: আইনমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৪:৩৮ পিএম
গণভোট ইস্যুতে এনসিপির বুঝপড়া অর্ধেক: আইনমন্ত্রী

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গণভোট বিষয়ে সম্পূর্ণরূপে অবগত নন। তিনি মন্তব্য করেন, এনসিপি নেতারা যা বলছেন তা প্রমাণ করে যে তারা বিষয়টি অর্ধেক বুঝেই মন্তব্য করছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা জুলাই সনদের আদলেই রাষ্ট্র পরিচালনায় আগ্রহী। আইন ও আবেগ—উভয়কে সমানভাবে গুরুত্ব দিয়েই সরকার কাজ করে যাচ্ছে। এনসিপি নেতাদের বক্তব্যের বিস্তারিত জবাব জাতীয় সংসদে দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সাম্প্রতিক আন্দোলনে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে সবার সাথে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন করা হবে এবং সেখান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...