নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩৫ পরাজিত প্রার্থীর রিট

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৪:১৫ পিএম
নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩৫ পরাজিত প্রার্থীর রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েও হাল ছাড়েননি ৩৫ জন প্রার্থী। ভোটগ্রহণে নানা অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানিয়ে তারা হাইকোর্টে আইনি লড়াইয়ে নেমেছেন। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আবেদনগুলো গ্রহণ করে বিস্তারিত শুনানির জন্য রেখেছেন।

আদালত মামলা দুটি গ্রহণ করার পাশাপাশি নির্বাচন কমিশনকে (ইসি) সংশ্লিষ্ট কেন্দ্রের ব্যালট পেপার, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আসনগুলোতে বিজয়ী ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে তাদের নোটিশ জারি করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে বিএনপির ২১ জন, জামায়াতে ইসলামীর ১২ জন এবং খেলাফত মজলিস ও এলডিপির একজন করে প্রার্থী রয়েছেন। ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির ওমর ফারুকও এই তালিকায় রয়েছেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালটে সিল মেরেছেন এমন প্রমাণ তারা আদালতে উপস্থাপন করেছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিজয়ী প্রার্থীদের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী এই আবেদনগুলো করা হয়েছে এবং আগামী দিনে এর শুনানি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...