দিনাজপুরে খাল খননের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৪:১৫ এএম
দিনাজপুরে খাল খননের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং পারিবারিক কবর জিয়ারতের উদ্দেশ্যে আগামী সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য সাজসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় যাবেন তারেক রহমান। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানিয়েছেন, সেখানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার মাধ্যমে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচির সূচনা করবেন। এছাড়াও তিনি সেখানে ব্ল্যাকবেঙ্গল ছাগল বিতরণ করবেন এবং একটি জনসভায় যোগ দেবেন।

খাল খননের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। পরে দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ময়দানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ শেষে রাত ৮টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার জানিয়েছেন, নেতাকর্মীরা বিমানবন্দর সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাবেন এবং যানজট নিরসনে সহযোগিতা করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...