ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র জ্বালানি সংকট, দুর্ভোগ চরমে

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৪:০৯ এএম
ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র জ্বালানি সংকট, দুর্ভোগ চরমে

ঈদে ঘরমুখো মানুষের সবচেয়ে ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। রংপুরের তারাগঞ্জে ওষুধ নিয়ে যাওয়া কাভার্ডভ্যানচালক রবিউল ইসলাম রসুলপুরের সবুর ফিলিং স্টেশনে শনিবার বিকেল ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। রোববার দুপুর ২টা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা অপেক্ষা করার পরও তিনি কোনো জ্বালানি পাননি। একই অবস্থা হাজার হাজার চালকের, যারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পেরে মহাসড়কে আটকা পড়েছেন।

গত বুধবার থেকে টাঙ্গাইলের অধিকাংশ পাম্পে ডিজেল ও অক্টেনের সরবরাহ স্থবির হয়ে পড়েছে। কালিহাতীর ট্রাকচালক সাজ্জাদ হোসেন জানান, চাল ঢাকায় পৌঁছে তেল নিতে এসে তারা সারারাত পাম্পে ঘুরেও খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন। বিপুল পরিবহনের চালক ছানোয়ার হোসেনের অভিযোগ, কিছু প্রভাবশালী ও স্থানীয় যানবাহনকে অগ্রাধিকার দিয়ে তেল দেওয়া হচ্ছে। টাঙ্গাইল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, নারায়ণগঞ্জ ও বাঘাবাড়ি ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় তারা চাহিদা মেটাতে পারছেন না।

এই সংকট সমাধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ইতিমধ্যে কয়েকটি পাম্পকে জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। তবে জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম লাবলু সতর্ক করে বলেছেন, যদি এই পরিস্থিতির উন্নতি না হয় তবে পুরোদমে ঈদযাত্রা শুরু হলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...