রমজানে নামাজ পড়ায় প্রতিমন্ত্রীর সাইকেল পুরস্কার পেল ৩১৭ কিশোর

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৩:৫০ এএম
রমজানে নামাজ পড়ায় প্রতিমন্ত্রীর সাইকেল পুরস্কার পেল ৩১৭ কিশোর

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার নির্বাচনী এলাকা মিরপুরে পবিত্র রমজান মাস জুড়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩১৭ জন কিশোরকে উৎসাহ হিসেবে নতুন সাইকেল উপহার দিচ্ছেন তিনি। রোববার (১৫ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর-১১ এর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী যে সব কিশোর সারা মাস মসজিদে এসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাদের মধ্যে এই সাইকেল বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং রূপনগর টিনশেড এলাকার ৪৫ জন কিশোরের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। তিনি বলেন, পুরস্কার মূল উদ্দেশ্য নয়, বরং ছোটদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করাই এর মূল লক্ষ্য। তিনি আরও জানান, মিরপুরের চারটি ওয়ার্ডের অন্তর্গত মোট ছয়টি মসজিদে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় অভিভাবক ও নেতৃবৃন্দ। তারা মনে করেন, এই ধরনের সৃজনশীল পদক্ষেপ শিশুদের নৈতিক চরিত্র গঠনে এবং বিভিন্ন খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। আমিনুল হক বলেন, চলতি বছর ছয়টি মসজিদের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও আগামী বছর এর পরিধি আরও বৃদ্ধি করে এলাকার অধিক সংখ্যক মসজিদে এটি সম্প্রসারণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...