বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও ঈদযাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও আসন্ন ঈদে দেশের মানুষের যাতায়াতে কোনো প্রভাব পড়বে না। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনাও নেই বলে জানান তিনি। মন্ত্রী বলেন, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে।
শনিবার (১৪ মার্চ) সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। যদিও যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে সংকট দেখা দিতে পারে, তবুও অচিরেই শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং শহরের সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছেন তিনি। অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও আয়োজক শফিকুর রহমান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

