কুমিল্লার শ্রীকাইলে নতুন গ্যাস কূপ, জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতার স্বপ্ন
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লার শ্রীকাইল-৫ কূপ থেকে গ্যাস উত্তোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) এই কূপের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন করে যুক্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অমিত জানান, আমদানিনির্ভরতা দেশের জ্বালানি খাতকে বরাবরই ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। বিশ্ববাজারে কোনো সংকট দেখা দিলেই তার প্রভাব সরাসরি পড়ে দেশের অর্থনীতিতে। এ কারণে সরকার এখন নিজস্ব খনিজ সম্পদ আহরণে জোর দিয়েছে যাতে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়। তিনি আরও বলেন, অতীতে বাপেক্সকে সঠিকভাবে শক্তিশালী না করার কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে আগ্রহী।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে। এই চাহিদা মেটাতে নিজস্ব গ্যাসক্ষেত্রগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে জাতীয় গ্রিডে আরও ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

