স্বাস্থ্যে ডিজিটাল বিপ্লব: ই-হেলথ কার্ড ও এক লাখ নতুন নিয়োগের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬ ৬:২৪ পিএম
স্বাস্থ্যে ডিজিটাল বিপ্লব: ই-হেলথ কার্ড ও এক লাখ নতুন নিয়োগের ঘোষণা

দেশের স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে ‘ই-হেলথ কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই কার্ডের মাধ্যমে প্রতিটি রোগীর চিকিৎসার পূর্ণাঙ্গ ইতিহাস ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে५ ফলে রোগীরা যেকোনো হাসপাতালে গেলে চিকিৎসকরা কার্ডটি স্ক্যান করেই তাদের আগের সব রিপোর্ট ও রোগের ইতিহাস দেখতে পাবেন। এতে একই পরীক্ষা বারবার করানোর বা বড় বড় রিপোর্টের ফাইল বয়ে বেড়ানোর ঝামেলা থেকে রোগীরা মুক্তি পাবেন। এছাড়া জরুরি প্রয়োজনে রোগীর রক্তের গ্রুপ বা ওষুধের অ্যালার্জি সম্পর্কে জানা গেলে ভুল চিকিৎসার ঝুঁকিও কমে আসবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় ৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিকভাবে একটি জেলাকে পাইলট প্রকল্প হিসেবে বেছে নেওয়া হবে, যেখানে উপজেলা থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত সব স্তরের হাসপাতাল এই ডিজিটাল নেটওয়ার্কের আওতাভুক্ত হবে। দুর্গম এলাকায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতেও মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...