ঈদের আগেই নিত্যপণ্যের বাজারে ধাক্কা, বাড়ল ডিম ও মুরগির দাম

প্রাইম বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬ ৬:০২ পিএম
ঈদের আগেই নিত্যপণ্যের বাজারে ধাক্কা, বাড়ল ডিম ও মুরগির দাম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বৃহস্পতিবার প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হয়েছে ৩৬ থেকে ৪০ টাকায়, যা আগের দিন ছিল ৩২ থেকে ৪০ টাকা। একইভাবে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ২৩০ টাকায় দাঁড়িয়েছে। মাত্র এক সপ্তাহ আগেও যা বিক্রি হচ্ছিল ১৮০ থেকে ১৯০ টাকায়। এছাড়া ভোজ্যতেল, মসুর ডাল, জিরা, লবঙ্গ ও চিনির দামও ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।

বাজারে খুচরা দাম বাড়লেও লাভবান হচ্ছেন না প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচ প্রতি পিস ডিমের জন্য সাড়ে ৯ টাকা হলেও তারা তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন মাত্র সাড়ে ৬ টাকায়। অথচ আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের কারণে সেই ডিম খুচরা বাজারে পৌঁছাচ্ছে ১১ টাকায়। টাঙ্গাইলের ভূঞাপুরের খামারি খন্দকার জাহাঙ্গীর আলম জানান, টানা চার মাস ধরে লোকসান দিয়ে ডিম বিক্রি করছেন তিনি। আব্দুল মালেক নামের আরেক খামারি বলেন, প্রতিদিন ৪০ হাজার টাকা লোকসান হওয়ায় তিন মাস ধরে বিদ্যুৎ বিল দিতে পারছেন না তিনি। অন্যদিকে আলম হোসেন জানান, দেড় মাসে তার প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা লোকসান হয়েছে।

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) সভাপতি মোশারফ হোসেন চৌধুরী সতর্ক করে বলেছেন, ছোট খামারগুলো বন্ধ হয়ে গেলে পুরো শিল্প কয়েকটি করপোরেট কোম্পানির একচ্ছত্র আধিপত্যে চলে যাবে। এতে ভোক্তাদের আরও বেশি দাম দিয়ে পণ্য কিনতে হবে। অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, পোলট্রি খাত গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। বাজারে স্বচ্ছতা ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো না গেলে এ খাত সংকটে পড়বে। খামারিদের রক্ষায় সরকারের হস্তক্ষেপ এবং কৃষক কার্ড ও বিদ্যুৎ ভর্তুকির মতো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...