জনবিশ্বাস ফেরাতে পুলিশে রদবদল, নতুন আইজিপির নাম যারা
পুলিশ বাহিনীকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে পুনর্প্রতিষ্ঠিত করতে শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কিছু পরিবর্তন আসবেই।
সূত্রমতে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র্যাব মহাপরিচালক (ডিজি), বিশেষ শাখার (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং সিআইডি প্রধান—এই ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল হতে পারে। আলোচনায় সবার শীর্ষে আছেন ব্যারিস্টার জিল্লুর রহমান। জুলাই আন্দোলনে ভূমিকার জন্য আলোচিত এই কর্মকর্তাকে র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দেখা হচ্ছে। আইজিপি হিসেবে আলী হোসেন ফকির, হাসিব আজিজ ও মোসলেহ্ উদ্দিন আহমদের নাম এগিয়ে থাকলেও ব্যারিস্টার জিল্লুর বা অবসরপ্রাপ্ত মতিউর রহমান শেখও চমকে দিতে পারেন।
ডিএমপি কমিশনার পদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজের নাম সবচেয়ে বেশি আলোচিত হলেও মোসলেহ্ উদ্দিনও দৌড়ে রয়েছেন। এসবি প্রধান হিসেবে সরদার নুরুল আমিনের নাম শোনা যাচ্ছে। এছাড়া শীর্ষ তিন পদের জন্য লবিং করে যারা বাদ পড়বেন, তাদের মধ্য থেকে সিআইডি প্রধান বা অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার একটি দৈনিকেও এই ছয় পদে পরিবর্তনের খবর প্রকাশিত হয়েছিল।

