বাঙালির ভাষায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু

প্রাইম বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪০ পিএম
বাঙালির ভাষায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতির সাথে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা ‘ইনকিলাব মঞ্চের কোনো সম্পর্ক নেই।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, এই স্লোগানগুলো বাঙালির মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলনের চেতনার পরিপন্থী। এ নিয়ে কেউ তাকে ভারতের দালাল বললেও তিনি আপত্তি করবেন না বলে জানান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন এবং জনগণের ভোটে মন্ত্রী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাই সত্য কথা বলা তার দায়িত্ব।

টুকু বলেন, ব্রিটিশ আমলে বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর নির্যাতন চালানো হয়েছিল। ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা মাতৃভাষা রক্ষা করতে পেরেছি। তবে এখন নিজের ভাষা সম্পর্কে যথেষ্ট জানার চেষ্টা না করায় অনেকের মধ্যেই সঠিক জাতীয়তাবোধ তৈরি হচ্ছে না। দেশ ও ভাষা রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে, নতুবা উগ্রবাদের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...