সাবেক মন্ত্রীর পুত্র অমিত এবার তারেক রহমানের প্রতিমন্ত্রী
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি অনিন্দ্য ইসলাম অমিত তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালন শুরু করেছেন। বাবা তরিকুল ইসলাম জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এবার সেই ধারাবাহিকতায় মন্ত্রী হলেন তার ছোট ছেলে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন অমিত। তিনি ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট পান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকায় তাকে বারবার কারাবন্দী ও হামলার শিকার হতে হয়েছে।
১৯৭৫ সালে যশোরে জন্ম নেয়া অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মা অধ্যাপক নার্গিস বেগম বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত অমিত ব্যবসার পাশাপাশি সৃজনশীল কাজের সাথেও যুক্ত।

