জাতিসংঘে অভিজ্ঞ স্বপন হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬ পিএম
জাতিসংঘে অভিজ্ঞ স্বপন হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিজয়ী হয়ে বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রী একজন দীর্ঘদিনের রাজনীতিক, যিনি আটের দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন।

গৌরনদী ও আগৈলঝাড়া নিয়ে গঠিত এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রায় ৪৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ১ লাখ ৫৫২ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে ৪৬ হাজার ২৬৩ ভোট পেয়েছিলেন। ১৮ বছর পর এই আসনে বিএনপির এই জয় এলাকায় আনন্দের বন্যা বয়ে এনেছে। স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং পেশায় একজন আইনজীবী।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের মিডিয়া সেল প্রতিষ্ঠা করেছেন এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি রয়েছে, তিনি দুইবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশনের এশিয়া অঞ্চলের সহ-সভাপতি ছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ থেকে জনগণের স্বার্থে কাজ করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...