অনিয়মের প্রমাণে কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ পিএম
অনিয়মের প্রমাণে কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশিতে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও ভোটগ্রহণ শেষে এসব ফুটেজ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের প্রমাণ হিসেবে এই ফুটেজ ভবিষ্যতে কাজে লাগবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দায়িত্বপ্রাপ্ত সব রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণের পূর্ববর্তী সময় এবং ভোটগ্রহণের দিন রেকর্ড করা ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে এগুলো নিরাপদে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট উৎসব নিশ্চিত করতে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রমাণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিডিও ফুটেজ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এর ফলে ভোটের ফলাফল নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে তা যাচাই করা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...