বাংলাদেশের আকাশসীমায় স্পাইসজেটের ওপর নিষেধাজ্ঞা, বাড়বে খরচ

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৯ পিএম
বাংলাদেশের আকাশসীমায় স্পাইসজেটের ওপর নিষেধাজ্ঞা, বাড়বে খরচ

বকেয়া এয়ার ন্যাভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতের লো-কস্ট ক্যারিয়ার স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটসহ পূর্বাঞ্চলগামী বিমানগুলোকে বাধ্য হয়েই দীর্ঘ পথ ঘুরে বিকল্প রুটে চলাচল করতে হচ্ছে। যা সংস্থাটির জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় বৃদ্ধির নতুন ঝুঁকি তৈরি করেছে।

এরই মধ্যে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, ন্যাভিগেশন চার্জসহ পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের নিয়মিত আলোচনা চলছে। তবে এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পূর্বাঞ্চলীয় রুটগুলোতে ফ্লাইট পরিচালনায় সময় ও জ্বালানির অপচয় হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই স্পাইসজেটের আর্থিক স্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। গত বৃহস্পতিবার মুম্বাই স্টক এক্সচেঞ্জে স্পাইসজেটের শেয়ার দর প্রায় ১ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ রুপিতে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রান্তিকে স্পাইসজেট ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি নিট লোকসানের খবর দিয়েছে, যেখানে নতুন করে বাড়তি জ্বালানি খরচ তাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...