গোলাপগঞ্জে গুলির আদেশদাতা গোপনে ডিসি সারোয়ারকে শোকজ আদালতের
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে তাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় গোপন রাখায় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আদালত। গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানাজানি হয়।
মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বছরের ২২ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক ও বিজিবির উপমহাপরিচালকের কাছে তথ্য চেয়ে আবেদন করেছিল। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিজিবি তথ্য সরবরাহ করলেও জেলা প্রশাসন বিষয়টি এড়িয়ে যায়। এর ফলে মামলার তদন্ত কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিচার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলাটি দায়ের হলেও এখনো তদন্ত সম্পন্ন হয়নি।
আদালত তার আদেশে উল্লেখ করেছে, তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং আদালতের আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক। এ বিষয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, আদালত শোকজ দিয়েছেন বলে তিনি শুনেছেন এবং এর জবাব আদালতেই দেওয়া হবে।

